সরকারের আশ্বাসে টেক্সটাইল মিল বন্ধের কর্মসূচি স্থগিত করল বিটিএমএ
- আপডেট সময় : ০৬:৩০:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬ ৭০ বার পড়া হয়েছে
সরকারের পক্ষ থেকে সমস্যার দ্রুত ও কার্যকর সমাধানের আশ্বাস পাওয়ায় আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আগামী ১ ফেব্রুয়ারি থেকে সব টেক্সটাইল মিল বন্ধ রাখার পূর্বঘোষিত সিদ্ধান্ত আপাতত স্থগিত করেছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংগঠনটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত মঙ্গলবার (২৭ জানুয়ারি) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সভাপতিত্বে তৈরি পোশাক ও টেক্সটাইল খাতের চলমান সমস্যা নিরসনে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশেষভাবে স্পিনিং সেক্টরের বিদ্যমান সংকট ও চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় বাণিজ্য উপদেষ্টা স্পিনিং শিল্পের সমস্যাগুলোর যৌক্তিকতা স্বীকার করে বলেন, দেশের রপ্তানি বাণিজ্য ও সামগ্রিক শিল্পখাতে এই খাতের কৌশলগত গুরুত্ব অত্যন্ত বেশি। তিনি সরকারের পক্ষ থেকে অতি দ্রুত সময়ের মধ্যে সমস্যাগুলোর কার্যকর, বাস্তবসম্মত ও ন্যায্য সমাধান নিশ্চিত করতে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
সরকারের এই সুস্পষ্ট আশ্বাস, চলমান আলোচনায় ইতিবাচক অগ্রগতি এবং দেশের সামগ্রিক রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে বিটিএমএ তাদের পূর্বঘোষিত কর্মসূচি আপাতত স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
সভায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল গফুর, অর্থ বিভাগের অতিরিক্ত সচিব রহিমা বেগম, এনবিআরের শুল্ক নীতির সদস্য মুবিনুল কবীরসহ বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়া বিটিএমএ-এর সভাপতি শওকত আজিজ রাসেল, বিজিএমইএ-এর ভারপ্রাপ্ত সভাপতি সেলিম রহমান এবং বিকেএমইএ-এর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসানসহ সংশ্লিষ্ট শিল্প সংগঠনগুলোর শীর্ষ নেতারাও সভায় অংশ নেন। সভায় বিটিএমএ, বিজিএমইএ ও বিকেএমইএ-এর প্রতিনিধিরা পৃথকভাবে তাঁদের নিজ নিজ প্রস্তাবনা ও দাবির যৌক্তিকতা তুলে ধরেন।



















