প্রশাসনের বাধায় কুষ্টিয়া-৪ আসনে বিএনপি প্রার্থীর মোটরসাইকেল শোভাযাত্রা ভেস্তে গেল
- আপডেট সময় : ০৫:৩১:১২ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬ ৬১ বার পড়া হয়েছে
কুষ্টিয়া-৪ (কুমারখালী–খোকসা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমির নির্বাচনি প্রচারণায় আয়োজিত বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা প্রশাসনের হস্তক্ষেপে ভেস্তে গেছে। বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে কুমারখালী উপজেলার ছেঁউরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
দলীয় সূত্র জানায়, নির্বাচনি প্রচারণায় অংশ নিতে সকাল ১১টার পর থেকেই ছেঁউরিয়া দবির মোল্লার গেট এলাকায় কয়েকশ মোটরসাইকেল নিয়ে জড়ো হন বিএনপি নেতাকর্মী ও সমর্থকরা। সেখান থেকে একটি বড় মোটরসাইকেল বহর বের করে বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের আখড়াবাড়ির মাঠে সমবেত হওয়ার পরিকল্পনা ছিল।
তবে শোভাযাত্রার খবর পেয়ে কুমারখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাভিদ সারওয়ার পুলিশ সদস্যদের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। তিনি উপস্থিত নেতাকর্মীদের দ্রুত মোটরসাইকেল সরিয়ে নেওয়ার নির্দেশ দেন এবং নির্দেশ অমান্য করলে জরিমানার হুঁশিয়ারি দেন। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলেও শেষ পর্যন্ত নেতাকর্মীরা মোটরসাইকেল নিয়ে ছত্রভঙ্গ হয়ে পড়েন।
এরপর নেতাকর্মীরা ছেঁউরিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে আবারও মোটরসাইকেল নিয়ে জড়ো হওয়ার চেষ্টা করেন। কিন্তু সেখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাভিদ সারওয়ার উপস্থিত হলে মোটরসাইকেল চালকরা পুনরায় স্থান ত্যাগ করেন। ফলে পুরো আয়োজনটি কার্যত ভেস্তে যায়।
এদিকে, একই দিনে ওই এলাকায় একটি নির্বাচনি কার্যালয় উদ্বোধন করেন বিএনপি প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমি। উদ্বোধন শেষে সেখানে উপস্থিত লোকজনের মাঝে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে খিচুড়ি বিতরণ করা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং আচরণবিধি বাস্তবায়নের স্বার্থেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্যদিকে বিএনপি নেতাকর্মীরা অভিযোগ করেছেন, শান্তিপূর্ণ প্রচারণায় অযথা বাধা দেওয়া হয়েছে।



















