ক্ষমতায় এলে মা–বোনদের নিরাপত্তা বিঘ্নিত হবে না: জামায়াত আমির
- আপডেট সময় : ১১:৩৬:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬ ৬৭ বার পড়া হয়েছে
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, একটি দল একদিকে ফ্যামিলি কার্ডের কথা বললেও অপরদিকে দেশে মা–বোনদের ওপর হামলার ঘটনা ঘটছে। তিনি অভিযোগ করে বলেন, এ ধরনের শক্তি যদি ক্ষমতায় আসে, তাহলে নারী সমাজের নিরাপত্তা আরও হুমকির মুখে পড়বে। জামায়াত ক্ষমতায় গেলে জনগণের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা হবে বলে তিনি আশ্বস্ত করেন।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) যশোর ঈদগাহ ময়দানে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
জনসভায় ডা. শফিকুর রহমান যশোরকে সিটি করপোরেশন করার ঘোষণা দিয়ে বলেন, আল্লাহ যদি জনগণের মাধ্যমে তাদের বিজয় দেন, তাহলে যার যতটুকু পাওনা আছে, ঠিক ততটুকুই দেওয়া হবে। তার ভাষায়, জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে রাজনীতি হবে জনগণের রাজনীতি—দলীয় বা পারিবারিক রাজনীতি নয়।
গণভোট প্রসঙ্গে তিনি বলেন, কেউ কেউ গণভোটের বিরোধিতা করছে, কিন্তু দেশের ১৮ কোটি মানুষ গণভোটের পক্ষে। জনগণ আর পুরোনো ব্যবস্থায় ফিরে যেতে চায় না। তিনি স্পষ্ট করে বলেন, ‘হ্যাঁ’ ভোটে বিজয়ী হলে বাংলাদেশ জিতে যাবে, আর ‘হ্যাঁ’ ভোটে পরাজিত হলে বাংলাদেশ হেরে যাবে। তাই ‘হ্যাঁ’ ভোটে বিজয় ছাড়া সরকার গঠনের কোনো অর্থ নেই।
নারীদের মর্যাদা ও নিরাপত্তার প্রশ্নে কঠোর অবস্থানের কথা জানিয়ে জামায়াত আমির বলেন, মায়ের জাতির অপমান কোনোভাবেই বরদাশত করা হবে না। ইজ্জত ও অধিকারের ওপর কেউ হাত তুললে জামায়াতে ইসলামী তা মেনে নেবে না। তিনি ঘোষণা দেন, দেশের যেখানেই মা–বোনদের ওপর হামলা হবে, সেখানেই প্রতিরোধ গড়ে তোলা হবে।
এ সময় যশোরের প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, নির্বাচনে প্রশাসন যেন জনগণের পক্ষে দায়িত্ব পালন করে। সত্য উপলব্ধি করে কোনো দলের নয়, জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। জুলাই শহীদদের প্রতি সম্মান জানিয়ে সবাইকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার অনুরোধও করেন জামায়াত আমির।



















