রমজানে কিছু নিত্যপণ্যের দাম কমতে পারে: বাণিজ্য উপদেষ্টা
- আপডেট সময় : ০৬:১৬:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬ ৬৮ বার পড়া হয়েছে
বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, আসন্ন রমজান উপলক্ষে কিছু নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমতে পারে। তিনি জানিয়েছেন, গত বছরের তুলনায় এবার নিত্যপণ্য ৪০ শতাংশ বেশি আমদানি হয়েছে, তাই এই রমজান নিত্যপণ্যের দাম মানুষের নাগালের মধ্যে থাকবে।
রবিবার টাস্কফোর্সের সভার পর সাংবাদিকদের তিনি বলেন, ব্যবসায়ীরা আশ্বস্ত করেছেন যে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রয়েছে, ফলে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকবে। তিনি আরও জানান, “দ্রব্যমূল্য বাড়বে না; বরং কিছু কিছু পণ্যের দাম আরও কমতে পারে।”
শেখ বশির উদ্দিন বলেন, “গতবছরের তুলনায় এবার নিত্যপণ্যের বাজারে পর্যাপ্ত যোগান আছে, তাই দাম মানুষের জন্য সামঞ্জস্যপূর্ণ থাকবে।” তিনি তবে উল্লেখ করেন যে, কর্ণফুলী টানেল, পায়রা বন্দর, পদ্মা সেতুর মতো প্রকল্পের জন্য সরকারের বড় দায় সৃষ্টি হয়েছে, যার কারণে টাকার অবমূল্যায়ন এবং আইএমএফ থেকে বড় ঋণ নিতে হয়েছে। এ সবের প্রভাব কিছুটা নিত্যপণ্যের বাজারে ও দামে পড়ছে।
উল্লেখ্য, সরকারের টাস্কফোর্স সভায় রমজান উপলক্ষে খাদ্যপণ্য, বাজার পরিস্থিতি ও মূল্য নিয়ন্ত্রণ বিষয়ক পরিস্থিতি বিশদভাবে পর্যালোচনা করা হয়েছে।



















