এম হাফিজ উদ্দিন খানের মৃত্যুতে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের গভীর শোক
- আপডেট সময় : ১০:৫৬:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও নাগরিক সমাজের বিশিষ্ট কর্মী এম হাফিজ উদ্দিন খান-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। এক শোকবার্তায় তিনি মরহুমের কর্মময় জীবনে রাষ্ট্র ও জনগণের কল্যাণে রাখা অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
শোকবার্তায় প্রধান উপদেষ্টা বলেন, এম হাফিজ উদ্দিন খান ছিলেন একজন সৎ, প্রজ্ঞাবান ও দায়িত্বশীল রাষ্ট্রকর্মী। রাষ্ট্রসেবায় তাঁর নিষ্ঠা, সততা ও নৈতিক অবস্থান দেশবাসীর জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। প্রশাসন ও রাষ্ট্র পরিচালনায় তাঁর অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
প্রফেসর মুহাম্মদ ইউনূস আরও বলেন, ব্যক্তিগত জীবনেও এম হাফিজ উদ্দিন খান তাঁর সহপাঠী ও ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। জীবনের নানা সময়ে তাঁর প্রজ্ঞা, মানবিকতা ও স্পষ্টভাষিতা তাঁকে সমৃদ্ধ করেছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, তাঁর মৃত্যুতে তিনি একজন বিশ্বস্ত সহকর্মী ও ঘনিষ্ঠ বন্ধুকে হারালেন।
শোকবার্তায় প্রধান উপদেষ্টা বলেন, কর্মজীবনে এম হাফিজ উদ্দিন খান যে সততা, নিষ্ঠা ও দক্ষতার পরিচয় দিয়েছেন এবং পরবর্তীতে রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠায় যে ভূমিকা রেখেছেন, তা জাতি কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে।
প্রধান উপদেষ্টা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, এম হাফিজ উদ্দিন খান বুধবার সন্ধ্যায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। তিনি ডাক, তার ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ২০০১ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় অর্থ ও পরিকল্পনাসহ একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।



















