সৌদি আরবের খনিজ খাতে নতুন মাইলফলক, ৭.৮ মিলিয়ন আউন্স নতুন সোনা আবিষ্কার মাদেনের
- আপডেট সময় : ০৫:১৩:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬ ৫৯ বার পড়া হয়েছে
সৌদি আরবের খনিজ খাতে নতুন একটি গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করেছে দেশটির রাষ্ট্রায়ত্ত মাইনিং কোম্পানি মাদেন (Ma’aden)। দেশের চারটি গুরুত্বপূর্ণ খনি এলাকা থেকে ৭.৮ মিলিয়ন আউন্স নতুন স্বর্ণসম্পদ শনাক্ত ও উত্তোলনের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। মাদেনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সাফল্য সৌদি আরবের খনিজ সম্পদ উন্নয়নে তাদের দীর্ঘমেয়াদি কৌশলের একটি বড় অর্জন।
মাদেন জানায়, লক্ষ্যভিত্তিক ও উন্নত ড্রিলিং কার্যক্রমের মাধ্যমে প্রাথমিকভাবে ৯ মিলিয়নেরও বেশি আউন্স স্বর্ণসম্পদ চিহ্নিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। তবে পরবর্তীতে বার্ষিক প্রতিবেদনসংক্রান্ত মানসম্মত হিসাব-নিকাশ ও তথ্যসমূহের সমন্বয়ের পর নতুন করে নির্ধারিত স্বর্ণসম্পদের পরিমাণ দাঁড়ায় ৭.৮ মিলিয়ন আউন্স।
এই নতুন স্বর্ণসম্পদ সংযোজনের আওতায় রয়েছে মাদেনের চারটি প্রধান প্রকল্প—মানসুরাহ মাসসারাহ, উরুক ২০/২১, উম্ম আস সালাম এবং ওয়াদি আল জাও খনি। এর মধ্যে মানসুরাহ মাসসারাহ প্রকল্পেই সবচেয়ে বড় অবদান এসেছে, যেখানে এক বছরে প্রায় ৩ মিলিয়ন আউন্স স্বর্ণসম্পদ যুক্ত হয়েছে। পাশাপাশি উরুক ২০/২১ ও উম্ম আস সালাম প্রকল্প থেকে মোট ১.৬৭ মিলিয়ন আউন্স স্বর্ণ পাওয়া গেছে।
অন্যদিকে ওয়াদি আল জাও খনিতে প্রথমবারের মতো ৩.০৮ মিলিয়ন আউন্সের একটি নতুন স্বর্ণসম্পদ শনাক্ত করা হয়েছে, যা মাদেনের অনুসন্ধান কার্যক্রমে একটি উল্লেখযোগ্য সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে।
মাদেনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বব উইল্ট বলেন, এই আবিষ্কার সৌদি আরবের বিপুল খনিজ সম্ভাবনাকে কাজে লাগানোর ক্ষেত্রে কোম্পানির দীর্ঘমেয়াদি কৌশলের সফলতার প্রমাণ। তিনি বলেন, “এই ফলাফল স্পষ্টভাবে দেখায় যে আমাদের দীর্ঘমেয়াদি কৌশল মাঠপর্যায়ে কার্যকরভাবে বাস্তবায়িত হচ্ছে। সে কারণেই আমরা সৌদি আরবের স্বর্ণসম্পদে ধারাবাহিকভাবে বিনিয়োগ করে যাচ্ছি।”
তিনি আরও বলেন, চারটি এলাকায় ড্রিলিংয়ের মাধ্যমে সাত মিলিয়নেরও বেশি আউন্স স্বর্ণসম্পদ যুক্ত হওয়া মাদেনের স্বর্ণ পোর্টফোলিওর শক্তি ও ভবিষ্যৎ সম্ভাবনার প্রতিফলন। এই প্রবৃদ্ধি ভবিষ্যতে কোম্পানির নগদ প্রবাহ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। নতুন স্বর্ণসম্পদ সংযোজন মাদেনের অনুসন্ধান পাইপলাইনের ব্যাপকতা ও ধারাবাহিক সম্ভাবনাকেও স্পষ্টভাবে তুলে ধরেছে।























