ওসমানী মেডিকেলে হামলা ও ভাঙচুর, নিরাপত্তার দাবিতে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি
- আপডেট সময় : ০১:১৫:১৪ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬ ৫৯ বার পড়া হয়েছে
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসায় অবহেলার অভিযোগকে কেন্দ্র করে ইন্টার্ন চিকিৎসক ও স্টাফদের সঙ্গে রোগীর স্বজনদের তর্ক, ভাঙচুর ও মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনার প্রতিবাদ ও নিরাপত্তার দাবিতে ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি পালন করছেন।
শুক্রবার (১৬ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে হাসপাতালের চতুর্থ তলার ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। হাসপাতাল সূত্রে জানা গেছে, চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে প্রথমে রোগীর স্বজনরা নার্স ও ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তারা ওয়ার্ডের ভেতরে ভাঙচুর শুরু করেন এবং দায়িত্বরত ইন্টার্ন চিকিৎসক ও স্টাফদের ওপর হামলা চালান।
হামলার সময় এক নারী শিক্ষানবিশ চিকিৎসককে হেনস্তা করা হয় বলে অভিযোগ রয়েছে। এছাড়া ওয়ার্ডে দায়িত্বরত কয়েকজন কর্মী মারধরের শিকার হন। ঘটনার পরপরই দায়িত্বরত ইন্টার্ন চিকিৎসকরা হামলার সঙ্গে জড়িত এক নারীসহ তিনজনকে আটক করেন। পরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে ডাক্তার ও স্টাফরা মিলে রোগীর স্বজনসহ ওই তিনজনকে মারধর করেন বলে অভিযোগ পাওয়া গেছে। পরে গভীর রাতে পুলিশ এসে তাদের আটক করে নিয়ে যায়। বর্তমানে তারা নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার বিষয়ে হাসপাতালের উপপরিচালক মো. মাহবুবুর রহমান বলেন, হামলার ঘটনার প্রতিবাদে এবং নিরাপত্তা নিশ্চিতের দাবিতে শিক্ষানবিশ চিকিৎসকরা রাত থেকেই কর্মবিরতি পালন করছেন। এ ঘটনায় মামলা করা হবে এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, শিক্ষানবিশ চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করা হাসপাতাল প্রশাসনের অগ্রাধিকার। একই সঙ্গে হাসপাতাল এলাকায় শান্তি বজায় রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, রোগীর স্বজনদের সঙ্গে ইন্টার্ন চিকিৎসক ও স্টাফদের তর্ক এবং মারামারির খবর পেয়ে পুলিশের একাধিক দল হাসপাতালে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলার ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে। হাসপাতাল এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ তৎপর রয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



















