ঢাকার বায়ুমানে ফের অবনতি, বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয়
- আপডেট সময় : ১২:৫২:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬ ৫৬ বার পড়া হয়েছে
কিছুদিন আগেও বাংলাদেশের রাজধানী ঢাকার বায়ুমান কিছুটা উন্নতির দিকে ছিল। তবে সম্প্রতি ফের বাড়তে শুরু করেছে দূষণ। বিশ্বের দূষিত শহরের তালিকায় নিয়মিতই উপরের দিকে অবস্থান করছে এই মেগাসিটি, আর আজ শনিবার (১৭ জানুয়ারি)ও তার ব্যতিক্রম হয়নি।
আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের সকাল ৯টার সর্বশেষ তথ্যানুযায়ী, ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ২৮৭। এই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। মাত্র ১৩ পয়েন্ট বাড়লেই ঢাকার বায়ু ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে পৌঁছে যাবে, যা নগরবাসীর জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। আজকের তালিকায় বিশ্বের দূষিত শহরের মধ্যে ঢাকার অবস্থান দ্বিতীয়।
একই তালিকায় শীর্ষে রয়েছে ভারতের দিল্লি। শহরটির একিউআই স্কোর আজ ৩৯৪, যা সরাসরি ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে গণ্য করা হয়। তৃতীয় অবস্থানে আছে ভারতের আরেক শহর কলকাতা, যার একিউআই স্কোর ২১২।
এদিকে দূষিত শহরের শীর্ষ দশের তালিকায় চীনের চারটি শহরের নাম উঠে এসেছে। ১৯৬ স্কোর নিয়ে চেংডু রয়েছে চতুর্থ অবস্থানে, ১৯২ স্কোর নিয়ে চংচিং ষষ্ঠ, ১৮৯ স্কোর নিয়ে উহান সপ্তম এবং ১৮৬ স্কোর নিয়ে হাংজু অষ্টম অবস্থানে রয়েছে। এসব শহরের বায়ুমানও ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। এছাড়া ১৯২ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে ইথিওপিয়ার আদ্দিস আবাবা, ১৭৩ স্কোর নিয়ে নবম অবস্থানে নেপালের কাঠমন্ডু এবং ১৭২ স্কোর নিয়ে দশম অবস্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয়।
একিউআই সূচক অনুযায়ী, শূন্য থেকে ৫০ স্কোরকে ভালো, ৫১ থেকে ১০০ মাঝারি এবং ১০১ থেকে ১৫০ স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে ধরা হয়। ১৫১ থেকে ২০০ স্কোর হলে বায়ু ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১ থেকে ৪০০ স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়।
বর্তমানে ঢাকার একিউআই স্কোর ২৮৭ হওয়ায় নগরবাসীর জন্য পরিস্থিতি চরম অস্বস্তিকর হয়ে উঠেছে। বিশেষ করে ভোরে যারা প্রাতঃভ্রমণে বের হন বা কর্মস্থলে যাওয়ার জন্য রাস্তায় নামেন, তাদের শ্বাসপ্রশ্বাসের সঙ্গে বিষাক্ত সূক্ষ্ম কণা ফুসফুসে প্রবেশের ঝুঁকি বেড়েছে।
পরিবেশবিদদের মতে, শুষ্ক মৌসুমে চলমান নির্মাণকাজের ধুলোবালি, যানবাহনের কালো ধোঁয়া এবং আশপাশের ইটভাটার দূষণ ঢাকার বাতাসকে এমন বিষাক্ত করে তুলছে। তারা সতর্ক করে বলছেন, একিউআই স্কোর যদি ৩০১ ছাড়িয়ে যায়, তবে তা যেকোনো সুস্থ মানুষের জন্যও গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।
এই ‘খুব অস্বাস্থ্যকর’ পরিস্থিতিতে বাইরে বের হলে মাস্ক ব্যবহার করা জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি ঢাকার বায়ুমান উন্নয়নে দ্রুত কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে সামনের দিনগুলোতে দূষণের মাত্রা আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।



















