সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান
- আপডেট সময় : ০২:০৬:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬ ৫৬ বার পড়া হয়েছে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ২২ জানুয়ারি সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দলীয় সূত্র জানায়, ওই দিন থেকেই তিনি দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সরাসরি নির্বাচনী কর্মসূচিতে অংশ নেবেন, যা বিএনপির নির্বাচনী রাজনীতিতে নতুন গতি সঞ্চার করবে বলে মনে করছেন নেতারা।
এই কর্মসূচির অংশ হিসেবে তারেক রহমান নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ, আড়াইহাজার ও রূপগঞ্জ উপজেলায় পৃথক পথসভা করবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা–সিলেট মহাসড়কের পাশের তিনটি নির্ধারিত স্থানে এসব পথসভা অনুষ্ঠিত হবে। বিষয়টি বুধবার (১৪ জানুয়ারি) দিবাগত রাতে গণমাধ্যমকে নিশ্চিত করেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ।
তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপিসহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো সমন্বিতভাবে মাঠে নেমেছে। নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা দিয়েছে। প্রস্তুতি সভা, সাংগঠনিক বৈঠক এবং জনসংযোগ কার্যক্রম ইতোমধ্যে জোরদার করা হয়েছে।
নির্ধারিত তিনটি পথসভার মধ্যে রূপগঞ্জ উপজেলায় আয়োজনটি সবচেয়ে বড় পরিসরে করার পরিকল্পনা রয়েছে। নারায়ণগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু জানান, লক্ষাধিক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতির লক্ষ্য নির্ধারণ করে প্রস্তুতি নেওয়া হচ্ছে। শৃঙ্খলা বজায় রাখা, নিরাপত্তা নিশ্চিত করা এবং যান চলাচল স্বাভাবিক রাখতে স্বেচ্ছাসেবক দলসহ দলীয় কর্মীদের দায়িত্ব দেওয়া হয়েছে।
সোনারগাঁ উপজেলায় পথসভা সফল করতে প্রস্তুতির দায়িত্বে রয়েছেন নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান। তার নেতৃত্বে স্থানীয় পর্যায়ে একাধিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি পোস্টার, ব্যানার ও মাইকিংয়ের মাধ্যমে প্রচার কার্যক্রম জোরদার করা হয়েছে।
অন্যদিকে আড়াইহাজার উপজেলায় নারায়ণগঞ্জ-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম আজাদের নেতৃত্বে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে ব্যাপক জনসংযোগ চালানো হচ্ছে। পথসভায় সর্বোচ্চ জনসমাগম নিশ্চিত করাই এই প্রস্তুতির মূল লক্ষ্য বলে জানিয়েছেন সংশ্লিষ্ট নেতারা।
জেলা ও মহানগর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট আসনের প্রার্থীরা যৌথভাবে ধারাবাহিক প্রস্তুতি সভা করছেন। এসব সভায় জনসংযোগ কৌশল, সাংগঠনিক দায়িত্ব বণ্টন এবং কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে স্পষ্ট দিকনির্দেশনা দেওয়া হচ্ছে।
দলীয় নেতাদের মতে, তারেক রহমানের নেতৃত্বে এই পথসভাগুলো নারায়ণগঞ্জে বিএনপির নির্বাচনী কার্যক্রমে নতুন মাত্রা যোগ করবে এবং সাধারণ ভোটারদের মধ্যে উল্লেখযোগ্য সাড়া ফেলবে।



















