ঘন কুয়াশায় শরীয়তপুর–চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল সাময়িক বন্ধ
- আপডেট সময় : ১২:০৯:৫০ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬ ৫৮ বার পড়া হয়েছে
ঘন কুয়াশার কারণে শরীয়তপুর–চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। নৌপথে সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে মঙ্গলবার (৭ জানুয়ারি) ভোর ৪টা থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ রাখে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহণ কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) নরসিংহপুর ফেরিঘাটের সহ-ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন। তিনি জানান, সোমবার দিবাগত রাত থেকেই নদী ও আশপাশের এলাকায় প্রচণ্ড কুয়াশা পড়তে শুরু করে, যার ফলে নৌপথে দৃষ্টিসীমা মারাত্মকভাবে কমে যায়।
তিনি আরও বলেন, যাত্রী ও নৌযানের নিরাপত্তার কথা বিবেচনা করে ভোর ৪টা থেকে শরীয়তপুর–চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তবে এ সময় কোনো ফেরি নদীর মাঝখানে আটকা পড়েনি। কুয়াশার ঘনত্ব কমে গেলে পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে।
ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ থাকায় এ রুটে চলাচলকারী যানবাহন ও যাত্রীদের ভোগান্তি বেড়েছে বলে জানান সংশ্লিষ্টরা।



















