দেশের বেশিরভাগ অঞ্চলে তাপমাত্রা নেমে আসতে পারে ৬ ডিগ্রি সেলসিয়াসে
- আপডেট সময় : ০৬:৪৭:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬ ৫৭ বার পড়া হয়েছে
কনকনে ঠান্ডা আর ঘন কুয়াশার আবরণে ঢেকে যাচ্ছে দেশের জনপদ। ভোরের আলো ফুটতেই হিমেল বাতাসে শীতের তীব্রতা বাড়ছে, হাত-পা কাঁপছে এবং স্বাভাবিক জীবনযাত্রা স্থবির হয়ে পড়ছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, শৈত্যপ্রবাহের কারণে আগামীকাল বুধবার (৬ জানুয়ারি) দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে।
কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, বুধবার ভোরে উত্তর ও পশ্চিমাঞ্চলের অনেক জেলায় সূর্যের দেখা মিলতে দেরি হবে, আর বিস্তীর্ণ এলাকা কুয়াশায় ঢেকে যাবে। তিনি ফেসবুকে লিখেছেন, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের বিভিন্ন জেলায় শৈত্যপ্রবাহ বাড়ার শঙ্কা রয়েছে। রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের জেলাগুলোতে বুধবার সকাল ৬টার সময় সর্বনিম্ন তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে।
মোস্তফা কামাল আরও জানিয়েছেন, ইউরোপিয়ান ইউনিয়নের কৃত্রিম উপগ্রহ থেকে প্রাপ্ত কুয়াশার চিত্র বিশ্লেষণ করে দেখা গেছে দেশের ৬১টি জেলার ওপর (ফেনী, সিলেট ও সুনামগঞ্জ ছাড়া) কুয়াশার উপস্থিতি রয়েছে। মঙ্গলবার সন্ধ্যা থেকে চট্টগ্রাম ও সিলেট ছাড়া অন্য সব বিভাগের জেলাগুলো মাঝারি থেকে ঘন কুয়াশার আচ্ছাদনে ঢাকা পড়তে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুযায়ী, চলতি মাসে দেশের ওপর দিয়ে একাধিক শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। দেশের কিছু জায়গায় তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসার সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, সোমবার রাত থেকে তাপমাত্রা ক্রমাগত কমতে পারে এবং চলতি মাসে ১ থেকে ২টি তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।



















