সহযোগিতা জোরদারে একমত পাকিস্তান ও চীন
- আপডেট সময় : ১২:০৬:৫০ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬ ৫৬ বার পড়া হয়েছে
দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় ফোরামে সহযোগিতা ও সমন্বয় আরও জোরদার করতে সম্মত হয়েছে পাকিস্তান ও চীন। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দারের সাম্প্রতিক চীন সফর উপলক্ষে পাকিস্তান পররাষ্ট্র দপ্তরের দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
খবরে বলা হয়েছে, বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে বৈঠকে আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা করেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে উল্লেখ করা হয়, বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় গুরুত্ব পায়।
পাকিস্তান পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে জানানো হয়, আলোচনায় চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর (সিপিইসি), দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ এবং বহুপক্ষীয় সহযোগিতার বিষয়গুলো বিশেষভাবে উঠে আসে। একই সঙ্গে বৃহত্তর অঞ্চলের শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য পাকিস্তান-চীন বন্ধুত্বের গুরুত্বের ওপর জোর দেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা।
বিবৃতিতে আরও বলা হয়, পাকিস্তান ও চীনের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকী যথাযথভাবে ও যৌথভাবে উদযাপন করার বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে। এই দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে ভবিষ্যতে আরও উচ্চতর পর্যায়ে নেওয়ার প্রত্যয়ও পুনর্ব্যক্ত করা হয়।
চীন সফরের অংশ হিসেবে ইসহাক দার চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইক্সিংয়ের সঙ্গেও বৈঠক করেন। এ সময় তিনি চীনা কমিউনিস্ট পার্টির ২০তম কেন্দ্রীয় কমিটির চতুর্থ পূর্ণাঙ্গ অধিবেশন সফলভাবে আয়োজনের জন্য অভিনন্দন জানান।
এছাড়া, চীনের নির্বাহী ভাইস প্রিমিয়ার ডিং জুয়েক্সিয়াংয়ের সঙ্গেও বৈঠক করেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। বৈঠকে দুই দেশের কৌশলগত অংশীদারিত্ব আরও সুদৃঢ় করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয় এবং পারস্পরিক সহযোগিতা নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে আশাবাদ প্রকাশ করা হয়।























