বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আজ সিলেট সফরে আসছেন
- আপডেট সময় : ১১:২৬:০৯ পূর্বাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬ ৭০ বার পড়া হয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ রোববার সিলেট সফরে আসছেন। শনিবার (৩ জানুয়ারি) সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
দলীয় সূত্রে জানা গেছে, আজ বেলা ১টার দিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা হবেন। নির্ধারিত সূচি অনুযায়ী বেলা সোয়া ২টার দিকে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন।
সিলেটে পৌঁছানোর পর বিএনপির মহাসচিব প্রথমে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। এরপর তিনি হযরত শাহপরাণ (রহ.)-এর মাজারে জিয়ারত শেষে মোনাজাতে অংশ নেবেন। মাজার জিয়ারত সম্পন্ন করার পর সন্ধ্যায় সিলেটে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন বলে জানা গেছে। সব কর্মসূচি শেষে তিনি ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন।
এই সফরকে কেন্দ্র করে সিলেটের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে বেশ উৎসাহ ও আগ্রহ দেখা গেছে। দলের একাধিক নেতা মনে করছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রস্তুতি, সাংগঠনিক শক্তি যাচাই এবং সম্ভাব্য নির্বাচনী রোডম্যাপ তৈরির ক্ষেত্রে সিলেট সফরটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। অনেকের ধারণা, এখান থেকেই বিএনপির নির্বাচনী কার্যক্রমের আনুষ্ঠানিক গতি শুরু হতে পারে।



















