সুইজারল্যান্ডে মদের দোকানে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড, অন্তত ৪০ জন নিহত
- আপডেট সময় : ০৫:১৯:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬ ৬৬ বার পড়া হয়েছে
সুইজারল্যান্ডের একটি মদের দোকানে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে অন্তত ৪০ জন নিহত হয়েছেন বলে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে। গতকাল বুধবার মধ্যরাতে দেশটির জনপ্রিয় পর্যটন এলাকা ক্রানস মোন্টানার একটি মদের দোকানে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের পরপরই সেখানে আগুন ছড়িয়ে পড়ে, যা দ্রুত ভয়াবহ রূপ নেয়।
সুইজারল্যান্ডের পুলিশ আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) জানিয়েছে, ‘লে কন্সটেলেশন’ নামের ওই মদের দোকানে নতুন বছর বরণ উপলক্ষে উৎসব চলছিল। রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে হঠাৎ বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং সঙ্গে সঙ্গে দোকানটিতে আগুন ধরে যায়। ঘটনাস্থলটি পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় হওয়ায় ওই সময় সেখানে বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
দুর্ঘটনায় ঠিক কতজন হতাহত হয়েছেন, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য দেয়নি পুলিশ। তবে দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম ডেইলি ব্লিক এক চিকিৎসকের বরাতে জানিয়েছে, নিহতের সংখ্যা কয়েক ডজন হতে পারে। আঞ্চলিক সংবাদমাধ্যম ডেইলি লে নোভেলিস সরাসরি অন্তত ৪০ জন নিহত হওয়ার কথা জানিয়েছে। আর একটি সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছে, এই ঘটনায় প্রায় ৪০ জন নিহত ও অন্তত ১০০ জন আহত হয়েছেন।
দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ, ফায়ার সার্ভিস ও জরুরি উদ্ধারকারী দল। আহতদের দ্রুত হাসপাতালে নেওয়ার জন্য হেলিকপ্টারও মোতায়েন করা হয়। একই সঙ্গে ক্ষতিগ্রস্তদের স্বজনদের জন্য বিশেষ বুথ খোলা হয়, যাতে তারা নিখোঁজ বা আহত স্বজনদের খোঁজ নিতে পারেন।
বিস্ফোরণ ও আগুন লাগার সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে সুইস সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, দুর্ঘটনার সময় ওই মদের দোকানে একটি কনসার্ট চলছিল এবং সেখানে আতশবাজি সদৃশ পায়রোটেকনিকস ব্যবহার করা হয়েছিল। ধারণা করা হচ্ছে, সেখান থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। তবে পুলিশ জানিয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে কোনো নিশ্চিত মন্তব্য করা যাচ্ছে না।
এ ঘটনার পর নিরাপত্তাজনিত কারণে পুরো ক্রানস মোন্টানা এলাকায় সাময়িকভাবে ‘নো ফ্লাই জোন’ ঘোষণা করা হয়েছে। ভয়াবহ এই দুর্ঘটনায় পুরো সুইজারল্যান্ডজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।























