আমস্টারডামের ঐতিহাসিক ভন্দেলপার্ক চার্চে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল ১৫০ বছরের স্থাপনা
- আপডেট সময় : ০৪:২৩:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬ ৬১ বার পড়া হয়েছে
নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামের ঐতিহাসিক ভন্দেলপার্ক চার্চে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নতুন বছর উদযাপন উপলক্ষে জ্বালানো আতশবাজি থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এতে প্রায় ১৫০ বছরের পুরোনো গীর্জাটির বিশাল অংশ পুড়ে গেছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) প্রকাশিত এক প্রতিবেদনে ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফ এ তথ্য জানায়। অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে নিশ্চিত করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, আগুন লাগার পর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই গীর্জাটির প্রায় পুরো অবকাঠামোতে আগুন ছড়িয়ে পড়ে। ভয়াবহ অগ্নিকাণ্ডে ভবনটির ঐতিহাসিক চূড়াটি ভেঙে পড়ে এবং ছাদের একটি বিশাল অংশ ধসে যায়, যা স্থাপনাটির অপূরণীয় ক্ষতির আশঙ্কা তৈরি করেছে।
আগুনের তীব্রতা অতিরিক্ত বেড়ে যাওয়ায় প্রশাসন তাৎক্ষণিকভাবে এলাকাটিতে জরুরি অবস্থা জারি করে। একই সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যাপক চেষ্টা চালানো হয় এবং নিরাপত্তার স্বার্থে আশপাশের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
এর আগে আতশবাজিজনিত অগ্নিকাণ্ডে পার্শ্ববর্তী হিলেগম ও গ্রোনিনগেন শহরেও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। এসব ঘটনার প্রেক্ষাপটে চলতি বছর থেকেই দেশজুড়ে আতশবাজি নিষিদ্ধের আইন কার্যকর করার ঘোষণা দিয়েছে নেদারল্যান্ডস কর্তৃপক্ষ।























