নতুন বছরের প্রথম দিনে দেশের ১৭ জেলায় শৈত্যপ্রবাহ, কুয়াশা অব্যাহত থাকতে পারে
- আপডেট সময় : ০১:৫০:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬ ৬৬ বার পড়া হয়েছে
নতুন বছরের প্রথম দিনেই দেশের ১৭ জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল থেকে কিছু কিছু এলাকায় এই শৈত্যপ্রবাহ ধীরে ধীরে প্রশমিত হতে পারে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, দিনাজপুর, পঞ্চগড়, সিলেট, মৌলবীবাজার, কুমিল্লা, খুলনা, সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, বরিশাল ও ভোলা জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে কিছু কিছু জায়গা থেকে তা কিছুটা প্রশমিত হতে পারে।
পূর্বাভাসে আরও উল্লেখ করা হয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের অনেক জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও দুপুর পর্যন্ত তা অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন এবং সড়ক যোগাযোগে সাময়িক বিঘ্ন সৃষ্টি হতে পারে।
আজ বৃহস্পতিবার সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।
দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৭.৮ ডিগ্রি সেলসিয়াস, আর ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.১ ডিগ্রি সেলসিয়াস।



















