চট্টগ্রামে এবার বিপিএল বাতিল , অনুষ্ঠিত হবে সিলেটে
- আপডেট সময় : ০৯:০০:০৯ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫ ৯১ বার পড়া হয়েছে
বিপিএলে বাতিল চট্টগ্রাম পর্ব, সিলেটেই শেষ হচ্ছে ম্যাচগুলো
চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চট্টগ্রাম পর্ব বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আগামী ৫ জানুয়ারি থেকে চট্টগ্রামে খেলা শুরু হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত সেই ম্যাচগুলো সিলেটেই আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। ফলে সিলেট পর্বের সময়সীমাও বাড়ানো হয়েছে।
মূল সূচি অনুযায়ী ২ জানুয়ারি সিলেট পর্ব শেষ হওয়ার কথা ছিল। তবে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে গত ৩০ ডিসেম্বর সারাদেশে খেলা বন্ধ রাখা হয়। পাশাপাশি সূচির ধারাবাহিকতা বজায় রাখতে ৩১ ডিসেম্বর একদিনের নির্ধারিত বিরতিও ছিল। এতে মোট দুই দিনের খেলা পিছিয়ে যায়।
এই পরিস্থিতিতে সিলেট পর্বের শেষ ম্যাচ এখন অনুষ্ঠিত হবে ৪ জানুয়ারি। অথচ চট্টগ্রাম পর্ব শুরু হওয়ার কথা ছিল ৫ জানুয়ারি। সিলেট পর্ব শেষ ও চট্টগ্রাম পর্ব শুরুর মাঝে কোনো বিরতি না থাকায় নির্ধারিত দিনে চট্টগ্রামে খেলা শুরু করা বাস্তবসম্মত নয় বলে মনে করছে আয়োজকরা।
অন্যদিকে, সিলেটের পর বিরতি দিয়ে চট্টগ্রাম পর্ব শুরু করতে গেলে ঢাকার পর্বের সূচিতেও বড় ধরনের পরিবর্তন আনতে হতো। এতে পুরো টুর্নামেন্টের সময়সূচিতে জটিলতা তৈরি হওয়ার আশঙ্কা দেখা দেয়। সব দিক বিবেচনায় নিয়ে শেষ পর্যন্ত চট্টগ্রাম পর্ব বাতিল করে সেই ম্যাচগুলো সিলেটেই আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই সিদ্ধান্তের ফলে সিলেট পর্ব চলবে ১২ জানুয়ারি পর্যন্ত। এরপর বিপিএল ঢাকায় স্থানান্তরিত হবে এবং পরবর্তী ম্যাচগুলো সেখানে অনুষ্ঠিত হবে।



















