জানাজার আগে মঞ্চ থেকে খালেদা জিয়ার জীবন ও কর্ম তুলে ধরলেন নজরুল ইসলাম খান
- আপডেট সময় : ০৩:১৬:২৪ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫ ৬৬ বার পড়া হয়েছে
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজার আগে তার দীর্ঘ রাজনৈতিক জীবন, ব্যক্তিগত সংগ্রাম ও রাষ্ট্রীয় অবদান সবার উদ্দেশে তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল পৌনে ৩টার দিকে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জানাজার জন্য প্রস্তুত করা মঞ্চ থেকে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন।
বক্তব্যে নজরুল ইসলাম খান বেগম খালেদা জিয়ার জন্ম ও পারিবারিক পটভূমি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে তার বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এবং স্বামীর শাহাদাতের পর রাজনীতিতে তার ধীরে ধীরে উঠে আসার ইতিহাস তুলে ধরেন। তিনি বলেন, একজন গৃহবধূ থেকে তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে দেশের নেতৃত্বে আসা খালেদা জিয়ার জীবন ছিল সংগ্রাম, ত্যাগ ও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে ভরপুর।
তিনি আরও উল্লেখ করেন, সামরিক শাসন ও স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনে খালেদা জিয়ার ভূমিকা, বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তার অবদান এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আপসহীন অবস্থান তাকে ইতিহাসে স্মরণীয় করে রাখবে। বক্তব্যের পুরো সময়জুড়ে জানাজা মঞ্চ ও আশপাশের এলাকায় উপস্থিত হাজারো মানুষের মাঝে ছিল শোক ও আবেগঘন পরিবেশ।
এর আগে বেলা ১১টা ৫০ মিনিটে বেগম খালেদা জিয়ার মরদেহ মানিক মিয়া অ্যাভিনিউয়ে আনা হয়। সেখানেই তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানাজা শেষে তাকে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করা হবে বলে জানিয়েছে দলীয় সূত্র।
এদিন সকালে খালেদা জিয়ার মরদেহ রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানে নেওয়া হয়। প্রথমে মরদেহটি তার দীর্ঘদিনের বাসভবন ফিরোজায় নেওয়ার কথা থাকলেও পরবর্তীতে সিদ্ধান্ত পরিবর্তন করে মরদেহবাহী গাড়িটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গুলশানের ১৯৬ নম্বর বাসভবনে নেওয়া হয়।
উল্লেখ্য, এভারকেয়ার হাসপাতালে টানা ৩৭ দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোরে ইন্তেকাল করেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। গত ২৩ নভেম্বর তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এরপর থেকে সেখানেই তিনি চিকিৎসাধীন ছিলেন।



















