খালেদা জিয়ার জানাজায় জনস্রোত, ফার্মগেটে ভিড়ে আটকালেন শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ০২:৫১:৩৬ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫ ৭০ বার পড়া হয়েছে
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে রাজধানী ঢাকায় লাখ লাখ মানুষের সমাগম হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শোকাহত মানুষের ঢলে নগরীর প্রধান সড়কগুলোতে তীব্র যানজট সৃষ্টি হয়। মানিক মিয়া অ্যাভিনিউসহ আশপাশের এলাকায় সকাল থেকেই মানুষের ভিড় বাড়তে থাকে, যা দুপুরের দিকে আরও ঘনীভূত হয়। এমনকি উড়ালসড়কেও জনসমাগম ও যানবাহনের ধীরগতির কারণে চলাচলে বিঘ্ন ঘটে।
বুধবার (৩১ ডিসেম্বর) বেলা দেড়টার দিকে এ চিত্র দেখা যায়। অতিরিক্ত ভিড়ের কারণে রাজধানীর গুরুত্বপূর্ণ সংযোগ সড়কগুলোতে যান চলাচল প্রায় স্থবির হয়ে পড়ে। এই পরিস্থিতিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ে যাওয়ার পথে ফার্মগেট এলাকায় ভিড়ের মধ্যে আটকা পড়েন শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফার্মগেট এলাকায় মানুষের ঢলের মধ্যে শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী গাড়িটি দীর্ঘ সময় আটকে থাকে। পরিস্থিতি সামাল দিতে গাড়িটি ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়। আশপাশে থাকা মানুষজনও গাড়িটি দেখতে পেয়ে ভিড় জমাতে থাকেন।
এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক সদস্য বলেন, গাড়িতে শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী রয়েছেন। তিনি বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে যাচ্ছিলেন। কিন্তু মানুষের ঢল ও তীব্র যানজটের কারণে তিনি সামনে এগোতে পারছেন না। তাই নিরাপত্তার স্বার্থে আমরা তার গাড়িটি ঘিরে পাহারা দিচ্ছি।
এদিকে, জানাজাকে কেন্দ্র করে রাজধানীজুড়ে শোকাবহ পরিবেশ বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ ও অন্যান্য বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। জনস্রোত সামাল দিতে ট্রাফিক পুলিশও হিমশিম খাচ্ছে বলে জানা গেছে।



















