খালেদা জিয়ার জানাজায় যোগ দিতে ঢাকায় আসছেন পাকিস্তান ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীরা
- আপডেট সময় : ০৬:১৪:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫ ৬৩ বার পড়া হয়েছে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। একইসঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করও বাংলাদেশ সফরে আসবেন বলে সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্রে জানা গেছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে ঢাকায় অবস্থিত পাকিস্তান হাইকমিশনের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বেগম খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণের উদ্দেশ্যে ইসহাক দারের আগামীকাল বুধবার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। পাকিস্তান সরকারের পক্ষ থেকে এটি একটি আনুষ্ঠানিক ও শোকজ্ঞাপনমূলক সফর হিসেবে বিবেচিত হচ্ছে।
অন্যদিকে, ভারতীয় হাইকমিশনের অফিস থেকেও জানানো হয়েছে যে, খালেদা জিয়ার জানাজা উপলক্ষে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশে আসছেন। জানাজায় অংশগ্রহণের মাধ্যমে ভারত সরকারের পক্ষ থেকেও প্রয়াত এই সাবেক প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জানানো হবে।
কূটনৈতিক সূত্রগুলো বলছে, দক্ষিণ এশিয়ার দুই প্রভাবশালী দেশের শীর্ষ কূটনীতিকদের একসঙ্গে ঢাকা সফর বেগম খালেদা জিয়ার রাজনৈতিক গুরুত্ব ও আঞ্চলিক পর্যায়ে তার গ্রহণযোগ্যতার প্রতিফলন। এই সফরগুলো পুরোপুরি শোক ও সৌজন্যভিত্তিক হলেও, তা বাংলাদেশ-পাকিস্তান ও বাংলাদেশ-ভারত সম্পর্কের ক্ষেত্রে প্রতীকী তাৎপর্য বহন করছে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা।



















