খালেদা জিয়ার জানাজা সম্পন্ন না হওয়া পর্যন্ত সারাদেশে দোকানপাট বন্ধের অনুরোধ
- আপডেট সময় : ০৩:৪৪:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫ ৬৩ বার পড়া হয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালকে কেন্দ্র করে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। একই সঙ্গে তার জানাজা সম্পন্ন না হওয়া পর্যন্ত সারাদেশে দোকানপাট বন্ধ রাখার জন্য দোকান ব্যবসায়ীদের প্রতি বিশেষভাবে অনুরোধ জানিয়েছে সংগঠনটি।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সংবাদমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ ভোর ৬টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে জাতি গভীরভাবে শোকাহত ও বাকরুদ্ধ। এই শোকের গভীরতা ভাষায় প্রকাশ করার মতো নয় বলেও উল্লেখ করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বেগম খালেদা জিয়া ছিলেন একজন আপসহীন নেত্রী, দেশমাতৃকার সাহসী কণ্ঠ এবং গণতন্ত্রের এক অবিচল প্রতীক। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার নেতৃত্ব ও অবদান জাতি চিরদিন স্মরণ করবে বলে উল্লেখ করা হয়।
বাংলাদেশ দোকান মালিক সমিতির পক্ষ থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মরহুমার রুহের মাগফিরাত কামনা করা হয় এবং তার শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।
বিজ্ঞপ্তিতে বিশেষভাবে উল্লেখ করা হয়, আগামী ৩১/১২/২০২৫ তারিখ দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা সম্পন্ন না হওয়া পর্যন্ত সারাদেশে দোকানপাট বন্ধ রেখে শোক পালনের জন্য দোকান ব্যবসায়ীদের প্রতি বিনীত অনুরোধ জানানো হচ্ছে।



















