খালেদা জিয়ার মৃত্যুতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
- আপডেট সময় : ১২:১২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫ ৬৩ বার পড়া হয়েছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) আনুমানিক দুপুর ১২টায় তার এই ভাষণ প্রচার করা হবে। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে একযোগে ভাষণটি সম্প্রচার করা হবে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। খালেদা জিয়ার মৃত্যুতে সৃষ্ট জাতীয় শোকের প্রেক্ষাপটে ড. মুহাম্মদ ইউনূস এ ভাষণ দেবেন বলে জানা গেছে।
এর আগে মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তার মৃত্যুতে দেশজুড়ে গভীর শোকের ছায়া নেমে আসে।
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শোকবার্তায় তিনি বলেন, বেগম খালেদা জিয়ার ইন্তেকালে জাতি তার এক মহান অভিভাবককে হারাল। তার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত। তিনি খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও দেশের গণতান্ত্রিক আন্দোলনে অবদানের কথা স্মরণ করেন।
খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্র ও রাজনীতির গুরুত্বপূর্ণ এই সন্ধিক্ষণে প্রধান উপদেষ্টার ভাষণকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।



















