আবারও অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন সম্পূর্ণ গুজব বললেন নায়িকা শবনম বুবলী
- আপডেট সময় : ০৫:৩০:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫ ৭১ বার পড়া হয়েছে
ঢাকাই সিনেমার বর্তমান সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। অল্প সময়েই দর্শকমহলে নিজের অবস্থান শক্ত করেছেন তিনি। জনপ্রিয়তার পাশাপাশি সমালোচনা ও গুঞ্জনও সঙ্গী হয়েছে তার ক্যারিয়ারে। সর্বশেষ আলোচনার কেন্দ্রে উঠে এসেছে—বুবলী নাকি আবারও মা হতে যাচ্ছেন, আর এই সন্তানের বাবাও নাকি বাংলার সুপারস্টার শাকিব খান।
ভারতীয় একাধিক অনলাইন ও প্রিন্ট গণমাধ্যমে সম্প্রতি এমন দাবি করে প্রতিবেদন প্রকাশ হয়েছে। সেখানে বলা হয়, ‘বাংলাদেশের নায়িকা শবনম বুবলী ফের মা হতে যাচ্ছেন।’ এই খবরে দেশ-বিদেশে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়।
শাকিব খানের ব্যক্তিগত জীবন দীর্ঘদিন ধরেই আলোচনায়। তার দুই স্ত্রী—ঢালিউড কুইন অপু বিশ্বাস ও চিত্রনায়িকা শবনম বুবলী—দুজনেই শাকিবের সন্তানের মা। তবে সময়ের ব্যবধানে এই সম্পর্কগুলো ভাঙনের পথে গেছে বলে দাবি শাকিব খানের নিজস্ব বক্তব্যে। তিনি দুজনকেই তার ‘প্রাক্তন’ বলে উল্লেখ করেছেন।
এরই মধ্যে কিছুদিন আগে শবনম বুবলী ও তাদের সন্তান শেহজাদ খান বীরকে নিয়ে যুক্তরাষ্ট্রে দীর্ঘ ছুটি কাটিয়ে দেশে ফেরেন শাকিব খান। সে সময়ের কিছু ব্যক্তিগত মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন বুবলী, যা ভক্তদের মধ্যে আলোচনার জন্ম দেয়।
সর্বশেষ একটি দেশীয় অনুষ্ঠানে অংশ নিয়ে নৃত্য পরিবেশন করেন শবনম বুবলী। সেখানে ঘাগরা পরিহিত অবস্থায় দর্শকদের সঙ্গে তোলা কয়েকটি ছবি প্রকাশ্যে আসতেই নেটদুনিয়ায় নতুন গুঞ্জন ছড়ায়। নেটিজেনদের একটি অংশ ছবিগুলো দেখে দাবি করতে শুরু করেন, বুবলী অন্তঃসত্ত্বা। এই দাবি ঘিরেই ভারতীয় কিছু গণমাধ্যম খবর প্রকাশ করে।
তবে এসব খবরে স্পষ্ট বিরক্তি প্রকাশ করেছেন শবনম বুবলী নিজেই। তিনি বলেন, ‘আমার ব্যক্তিগত জীবন নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের গুজব রটেছে। এবারের খবরটিও সম্পূর্ণ গুজব। এর কোনো ভিত্তি নেই।’ তার ভাষ্য অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচনাকে কেন্দ্র করেই ভিত্তিহীন খবর ছড়ানো হয়েছে।
উল্লেখ্য, ২০১৮ সালের ২০ জুলাই শাকিব খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন শবনম বুবলী। এরপর ২০২০ সালের ২১ মার্চ তারা প্রথম সন্তানের বাবা-মা হন। কিছুদিন পর সামাজিক যোগাযোগমাধ্যমে সন্তানের নাম ও ছবি প্রকাশ করে জানান, তাদের ছেলের নাম ‘শেহজাদ খান বীর’।
প্রথমবার মা হওয়ার আগেও বুবলীর অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে নানা জল্পনা-কল্পনা চলেছিল। তখন তিনি স্বামী কিংবা সন্তানের বাবার পরিচয় প্রকাশ না করায় গুঞ্জন আরও ঘনীভূত হয়। পরবর্তীতে সন্তানসহ গণমাধ্যমের সামনে এসে তিনি জানান, শাকিব খানই তার স্বামী। সেই অভিজ্ঞতার প্রেক্ষিতেই এবারও তার অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে নতুন করে গুঞ্জন ছড়িয়েছে বলে মনে করছেন অনেকে।



















