ভারতে সংখ্যালঘু নির্যাতন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলো ঢাকা
- আপডেট সময় : ১১:২৮:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫ ৭৫ বার পড়া হয়েছে
ভারতে মুসলিম, খ্রিস্টানসহ বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে ধারাবাহিক সহিংসতা ও নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। আজ বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত নিয়মিত সাংবাদিক ব্রিফিংয়ে এ উদ্বেগের কথা জানান মন্ত্রণালয়ের মুখপাত্র ও পাবলিক ডিপ্লোমেসি উইংয়ের মহাপরিচালক এস এম মাহবুবুল আলম।
ব্রিফিংয়ে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে ভারতে সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের বিরুদ্ধে নৃশংস হত্যাকাণ্ড, গণপিটুনি, নির্বাচন প্রক্রিয়ায় বাধা সৃষ্টি এবং ধর্মীয় অনুষ্ঠানে বিঘ্ন ঘটানোর একাধিক ঘটনা ঘটেছে, যা বাংলাদেশ গভীর উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছে।
ভারতে সংখ্যালঘু নির্যাতনের চিত্র তুলে ধরে এস এম মাহবুবুল আলম জানান, চলতি মাসে উড়িষ্যায় চুরির অভিযোগে জুয়েল রানা নামে এক মুসলিম যুবককে নৃশংসভাবে হত্যা করা হয়। একইভাবে বিহারে মোহাম্মদ আতাউর হোসেন হত্যাকাণ্ডের শিকার হন। কেরালায় বাংলাদেশি সন্দেহে এক নিরীহ ব্যক্তিকে হত্যার ঘটনাও ঘটেছে। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে মুসলিম ও খ্রিস্টান সম্প্রদায়ের বিরুদ্ধে একাধিক গণহিংসা ও হামলার খবর পাওয়া গেছে।
তিনি আরও বলেন, গত সপ্তাহে খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উদযাপনের সময়ও ভারতের বিভিন্ন স্থানে খ্রিস্টানদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা ঘটেছে বলে প্রতিবেদন এসেছে।
এসব ঘটনাকে ঘৃণাজনিত অপরাধ এবং লক্ষ্যভিত্তিক সহিংসতা হিসেবে আখ্যায়িত করে মাহবুবুল আলম বলেন, বাংলাদেশ আশা করে ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসব ঘটনার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত করবে এবং দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করবে।
ব্রিফিংয়ে তিনি জোর দিয়ে বলেন, প্রতিটি দেশেরই দায়িত্ব তার সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা, অধিকার ও মর্যাদা নিশ্চিত করা। কোনো ধরনের বৈষম্য ছাড়াই রাষ্ট্রীয় দায়িত্ব পালনের মাধ্যমে সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করা আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডেরও একটি গুরুত্বপূর্ণ অংশ।



















