মেহেরপুরে টাকা উত্তোলন কে কেন্দ্র করে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৪
- আপডেট সময় : ০৫:২৬:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫ ৫৮ বার পড়া হয়েছে
মেহেরপুরের গাংনী উপজেলায় ইয়ানতের টাকা উত্তোলনকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জামায়াতের চার নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি দলটির।
রোববার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলার সাহারবাটি ইউনিয়নের ভাটপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
তবে বিএনপির নেতাকর্মীদের দাবি, জামায়াত কর্মীরাই বিএনপি কর্মীদের ওপর হামলা চালিয়েছে।
সূত্র জানায়, রোববার সকালে স্থানীয় জামায়াতের কয়েকজন নারী কর্মী ইয়ানতের টাকা উত্তোলন সংক্রান্ত বিষয়ে দোকান মালিক সোহরাব হোসেনের সঙ্গে কথা বলেন। এ সময় দোকানে উপস্থিত স্থানীয় বিএনপির কর্মী জামাল ইয়ানতের টাকা ও ভোট চাওয়ার প্রসঙ্গ তুলে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন। একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে সোহরাব হোসেন ও তার ছেলে শিশির হোসেনের ওপর চড়াও হয়ে মারধর করেন বিএনপির কয়েকজন কর্মী।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সোহরাব হোসেন বিষয়টি জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দকে জানান। খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছালে বিএনপির কর্মী-সমর্থকরা জামায়াত নেতাকর্মীদের ওপর হামলা চালায়।
এতে গাংনী উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক পশ্চিম মালসাদহ গ্রামের মৃত আতাহার বিশ্বাস এর ছেলে আলাউদ্দিন বাবলু (৫৫), সাহারবাটি ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি রবিউল ইসলাম রুবেল (৩৩), ভাটপাড়া ইউনিট বায়তুল মাল সম্পাদক সোহরাব হোসেন (৬৫) ও তার ছেলে শিশির হোসেন (২৮) আহত হন।
এদের মধ্যে আলাউদ্দিন বাবলু ও সোহরাব হোসেনকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য দুজনকে দেওয়া হয়েছে প্রাথমিক চিকিৎসা।
আহতদের দেখতে হাসপাতালে যান গাংনী উপজেলা জামায়াতের আমির রবিউল ইসলাম। এ সময় তিনি জানান, এভাবে আমাদের লোকজনের ওপর তারা হামলা করে আহত করেছে। তারা নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করছে। ঘটনাটি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এদিকে, হাসপাতালে আহতদের দেখতে গিয়ে গাংনী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু জানান, হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা অতিরঞ্জিত-ভাবে জামায়াতে ইসলামীর লোকজন প্রচার করছেন। বরং তারাই প্রথমে বিএনপির কর্মীদের উপর হামলা চালিয়েছে। এতে কয়েকজন আহত হন।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় এখনও কোন অভিযোগ পায়নি। লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।



















