হাদি হত্যার বিচারের দাবিতে রংপুরে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি
- আপডেট সময় : ০৫:০৪:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫ ৬৯ বার পড়া হয়েছে
জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের যোদ্ধা শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যার বিচারের দাবিতে রংপুরে অবস্থান কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চ। রোববার (২৮ ডিসেম্বর) বেলা ৩টার দিকে নগরীর ডিসির মোড় শহীদ হাদি চত্বরে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থীরা এ কর্মসূচিতে অংশ নেন। অবস্থান কর্মসূচি থেকে হাদি হত্যার মাস্টারমাইন্ডসহ জড়িত সকলকে দ্রুত গ্রেপ্তার এবং বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার দাবি জানানো হয়।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ‘বিচার বিচার বিচার চাই—হাদি হত্যার বিচার চাই’, ‘আর নয় প্রতিরোধ—এবার হবে প্রতিশোধ’, ‘দিল্লি যাদের মামা বাড়ি—বাংলা ছাড়ো তাড়াতাড়ি’, ‘পেতে চাইলে মুক্তি—ছাড়ো ভারতভক্তি’, ‘সুশীলতার দিন শেষ—বিচার চাই বাংলাদেশ’, ‘তুমি কে আমি কে—হাদি হাদি’, ‘ভারতের আগ্রাসন—রুখে দাও জনগণ’, ‘লাল জুলাইয়ের হাতিয়ার—গর্জে ওঠো আরেকবার’, ‘আমরা সবাই হাদি হব—গুলির মুখে কথা কব’সহ নানা স্লোগান দেন।
অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক জাহিদ হাসান জয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক রহমত আলী, সাবেক মুখপাত্র খন্দকার নাহিদ হাসান, জাতীয় ছাত্রশক্তি মহানগরের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি, সদস্য সচিব হাজিম উল হক, যুগ্ম সদস্য সচিব ফারহান তানবীর ফাহিম, সংগঠক মাহবুব হাসান তন্ময়, সীমান্ত ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মী।
নেতৃবৃন্দ অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শরিফ ওসমান হাদি শহীদ হয়েছেন। তার হত্যার সঙ্গে জড়িত খুনিরা বর্তমানে ভারতে অবস্থান করছে বলে তাদের দাবি। ভারত সরকারের উদ্দেশে তারা বলেন, খুনিদের দ্রুত বাংলাদেশে ফেরত পাঠাতে হবে। অন্যথায় বাংলাদেশের জনগণ বিশ্বাস করবে, ভারত খুনিদের আশ্রয়দাতা ও পাহারাদার হিসেবে কাজ করছে।
বক্তারা আরও বলেন, যতক্ষণ পর্যন্ত ওসমান হাদি হত্যার বিচার না হবে, ততক্ষণ পর্যন্ত ছাত্র-জনতার আন্দোলন চলবে। অন্তর্বর্তী সরকার যদি এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে ব্যর্থ হয়, তবে চব্বিশের গণঅভ্যুত্থানের মতো আরেকটি বৃহত্তর আন্দোলন গড়ে উঠবে বলেও হুঁশিয়ারি দেন তারা। সরকার যত দেরি করবে, ততই পতনের আওয়াজ ছড়িয়ে পড়বে বলে মন্তব্য করেন বক্তারা।
জাতীয় ছাত্রশক্তির মহানগরের সদস্য সচিব হাজিম উল হক বলেন, বর্তমান সরকার জুলাই চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। জুলাই যোদ্ধাদের জীবন হুমকির মুখে রেখে এ দেশে কোনো নির্বাচন হতে পারে না। তার ভাষ্য অনুযায়ী, হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত তারা সরকারের কোনো প্রতিশ্রুতিতে বিশ্বাস করেন না। তিনি অভিযোগ করেন, সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী এই হত্যার আসামিদের আড়াল করার চেষ্টা করছে। তার দাবি, আগে হাদি হত্যার বিচার নিশ্চিত করতে হবে, এরপর নির্বাচন নিয়ে কথা বলা যেতে পারে।
উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ সারাদেশের বিভাগীয় শহরগুলোতে অবরোধ পালনের ঘোষণা থাকলেও রংপুরে জনভোগান্তি এড়াতে সড়ক অবরোধ না করে শহীদ হাদি চত্বরে অবস্থান কর্মসূচি পালন করা হয়।



















