আজ শপথ নিচ্ছেন দেশের ২৬তম প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী
- আপডেট সময় : ১১:১৯:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫ ৬৬ বার পড়া হয়েছে
দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে আজ রোববার (২৮ ডিসেম্বর) শপথ গ্রহণ করবেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। সকাল ১০টায় বঙ্গভবনে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁর হাতে শপথ বাক্য পাঠ করাবেন।
রোববার সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।
এর আগে গত ২০ ডিসেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে আইন সচিব লিয়াকত আলী মোল্লা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়, সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে বাংলাদেশের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে আরও বলা হয়, শপথ গ্রহণের তারিখ থেকেই এই নিয়োগ কার্যকর হবে।
বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর বিচারাঙ্গনে দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। তিনি ১৯৮৫ সালে জজ কোর্টে আইন পেশা শুরু করেন এবং ১৯৮৭ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০০৩ সালের ২৭ আগস্ট তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান এবং দুই বছর পর স্থায়ী বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
পরবর্তীতে ২০২৪ সালের ১২ আগস্ট তিনি আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (সম্মান) ও এলএলএম ডিগ্রি অর্জন করেন। পরে যুক্তরাজ্যে আন্তর্জাতিক আইনে এলএলএম সম্পন্ন করেন।
আজকের শপথ গ্রহণের মধ্য দিয়ে দেশের বিচার বিভাগে নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে বলে সংশ্লিষ্ট মহলে আশা প্রকাশ করা হচ্ছে।



















