হাদি হত্যাকাণ্ডের মূল হোতাদের নাম-ঠিকানা প্রকাশের ঘোষণা ডিএমপি কমিশনারের
- আপডেট সময় : ১০:৫১:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫ ৬৮ বার পড়া হয়েছে
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের পেছনে মূলে যারা জড়িত, তাদের প্রত্যেকের নাম ও ঠিকানা উন্মোচন করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি বলেছেন, এই হত্যাকাণ্ড একটি রহস্যজনক ঘটনা এবং এর সঙ্গে একাধিক ব্যক্তি জড়িত থাকার প্রমাণ পাওয়া যাচ্ছে।
শনিবার (২৭ ডিসেম্বর) রাতে রাজধানীর শাহবাগে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচিতে উপস্থিত হয়ে ডিএমপি কমিশনার এসব কথা বলেন। এ সময় তিনি জানান, হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ১০ জনকে গ্রেফতার করা হয়েছে এবং ঘটনার নেপথ্যে থাকা সকলকে চিহ্নিত করতে জোরালো তদন্ত চলছে।
ডিএমপি কমিশনার বলেন, হাদিকে গুলির ঘটনায় ব্যবহৃত দুটি পিস্তল ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে। অস্ত্র দুটি বৈজ্ঞানিক পরীক্ষার জন্য সিআইডিতে পাঠানো হয়েছে। এছাড়া, হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেলটি ডিবি পুলিশ উদ্ধার করেছে বলেও তিনি জানান।
হত্যাকাণ্ডে বিপুল অর্থ ব্যয়ের ইঙ্গিত দিয়ে শেখ মো. সাজ্জাত আলী বলেন, তদন্তের অংশ হিসেবে ২১৮ কোটি টাকার সই করা চেক উদ্ধার করা হয়েছে, যা মামলার গুরুত্বপূর্ণ আলামত হিসেবে বিবেচিত হচ্ছে।
তিনি আরও জানান, এই মামলার তদন্ত দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে এবং আগামী ১০ দিনের মধ্যে, অর্থাৎ ৭ জানুয়ারির মধ্যে মামলার চার্জশিট আদালতে দাখিল করা হবে।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানসহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এর আগে, হাদি হত্যার বিচার দাবিতে শনিবার দ্বিতীয় দিনের মতো রাজধানীর শাহবাগে অবরোধ কর্মসূচি পালন করে ইনকিলাব মঞ্চ। সংগঠনটি দ্রুত বিচার ও হত্যার সঙ্গে জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।



















