বড়পর্দা থেকে দূরে থাকার কারণ জানালেন অপু বিশ্বাস
- আপডেট সময় : ০৫:৫০:০৬ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫ ৭৪ বার পড়া হয়েছে
ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। তার সিনেমা নিয়ে দর্শকের আগ্রহের শেষ নেই। তবুও প্রায় দুই বছর পর সিনেমায় নাম লেখালেন অভিনেত্রী। প্রায় দুই বছরের বিরতি ভেঙে তিনি অভিনয় করছেন নতুন থ্রিলারধর্মী সিনেমা ‘দুর্বার’–এ।
দর্শকের আগ্রহ থাকলেও কেন দুই বছর বিরতি নিয়ে নিয়েছেন অভিনেত্রী তার জবাবে অপু বিশ্বাস সাফ জানিয়ে দিয়েছেন এই সময়টা তিনি নিয়েছেন ভালো কাজের অপেক্ষায়। তার ভাষায়, আমি সময় নিয়েছি ভালো সিনেমার জন্য। যেভাবে চেয়েছি, ঠিক সেভাবেই একটি ভালো কাজ হচ্ছে। তাই দেরি হলেও আমার কোনো আক্ষেপ নেই।
কামরুল হাসান ফুয়াদের পরিচালনায় নির্মিত ‘দুর্বার’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে অপুকে, তার বিপরীতে অভিনয় করছেন অভিনেতা সজল। নতুন এই জুটি নিয়ে ইতোমধ্যেই দর্শকের কৌতূহল তুঙ্গে। সিনেমাটি নিয়ে অপু বিশ্বাস জানান, ‘দুর্বার’ সিনেমার শুটিং দ্রুতগতিতে এগিয়ে চলছে এবং এরই মধ্যে প্রায় ৪০ শতাংশ কাজ শেষ হয়েছে। এই সিনেমায় তাকে একেবারে ভিন্ন রূপে দেখা যাবে বলে জানান নায়িকা। তার কথায়, সিনেমাটিতে রয়েছে বেশ কিছু চমক, যা দর্শকদের জন্য নতুন অভিজ্ঞতা হয়ে উঠবে।
সিনেমাটি নিয়ে আশাবাদী অপু বলেন, ‘দুর্বার’-এ একটি শক্তিশালী গল্প আছে। দর্শকরা থ্রিল আর গল্প দুটোই উপভোগ করতে পারবেন। এই সিনেমায় আমাকে দেখা যাবে দুর্বার গতিতেই।’ অর্থাৎ চরিত্র ও উপস্থাপনায় থাকছে আলাদা এক গতি ও তীব্রতা।
এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন সজল ও অপু বিশ্বাস। সহশিল্পী হিসেবে সজলকে নিয়ে অপু বলেন, তিনি ভীষণ বিনয়ী এবং একজন দারুণ অভিনেতা। নিজেকে সজলের অভিনয়ের ভক্ত দাবি করে অপু আরও বলেন, তাঁদের কাজের অভিজ্ঞতা খুবই ভালো হয়েছে এবং দর্শক এই নতুন জুটির রসায়ন পছন্দ করবেন। এমনকি সজলকে নিজের ‘ড্রিম হিরো’ বলেও উল্লেখ করেন তিনি।
অপু বিশ্বাসের অভিনয় জীবন শুরু হয় ২০০৫ সালে চলচ্চিত্র ‘কাল সকাল’–এর মাধ্যমে। তবে ‘প্রিয়তমা’ সিনেমা দিয়ে তিনি দর্শকের কাছে ব্যাপক পরিচিতি পান। এরপর একের পর এক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়ে নিজেকে ঢালিউডের প্রথম সারির নায়িকাদের একজন হিসেবে প্রতিষ্ঠিত করেন। শাকিব খানের সঙ্গে তার জুটি দীর্ঘদিন ধরে দর্শকের কাছে জনপ্রিয় ছিল এবং বহু সুপারহিট সিনেমা উপহার দিয়েছে।



















