ডেইলি স্টার ভবনে সন্ত্রাসী হামলায় আরও একজন গ্রেফতার
- আপডেট সময় : ০৩:৩৩:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫ ৮১ বার পড়া হয়েছে
রাজধানীর তেজগাঁও থেকে আজমির হোসেন আকাশ (২৭) নামে আরেকজন দুষ্কৃতকারীকে গ্রেফতার করেছে র্যাব-৩। তার কাছ থেকে দুটি মনিটর, একটি সিপিইউ, একটি হার্ডডিক্স, তিনটি ক্যাবল, একটি সুইচ অ্যাডাপ্টর এবং একটি মাউস উদ্ধার করা হয়েছে।
র্যাব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান জানান, গত ১৯ ডিসেম্বর দ্য ডেইলি স্টার ভবনে সংঘটিত হামলা ও লুটপাটের সময় আজমির হোসেন আকাশ একটি মনিটর, একটি সিপিইউ ও একটি হার্ডডিক্স নিয়ে যায়। পরে সিসি ক্যামেরার ফুটেজ ও তথ্য প্রযুক্তির মাধ্যমে তাকে শনাক্ত করা হয়।
এর আগে মঙ্গলবার আরও ১০ জনকে গ্রেফতার করা হয়। দুই দিনের মধ্যে মোট ২৯ জনকে গ্রেফতার করা হলো। এছাড়া দুটি জাতীয় দৈনিকের কার্যালয়ে হামলার উসকানিদাতা হিসেবে আরও অন্তত ২০ জনকে শনাক্ত করা হয়েছে।
ডেইলি স্টার কার্যালয়ের সামনে ইংরেজি দৈনিক নিউ এজ-এর সম্পাদক নূরুল কবীরকে হেনস্তার সঙ্গে জড়িত কয়েকজনকে শনাক্ত করা হয়েছে বলে জানা গেছে।



















