অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ফ্রান্সেসকা আলবানিজ এবং গাজাভিত্তিক চিকিৎসকদের ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। ইউরোপীয় পার্লামেন্টের সদস্য (এমইপি) মাতিয়াজ নেমেক মঙ্গলবার এ তথ্য জানান।
নরওয়েজিয়ান নোবেল কমিটিতে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন জমা দেওয়ার পর নেমেক জানান, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও যুক্তরাজ্যসহ ৩৩টি দেশের প্রায় ৩০০ জন যোগ্য মনোনয়নদাতা এ প্রস্তাবে স্বাক্ষর করেছেন।
নেমেক বলেন, এই মনোনয়ন কঠিন পরিস্থিতিতেও মানবিক মূল্যবোধ রক্ষায় সাহস ও দৃঢ়তার স্বীকৃতি এবং রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে শান্তির পক্ষে একটি গুরুত্বপূর্ণ বার্তা। আন্তর্জাতিক আইন ও মানবাধিকার রক্ষায় আলবানিজের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের রাজনৈতিক চাপ সত্ত্বেও তিনি দায়িত্ব পালনে অবিচল রয়েছেন।
মনোনয়নে গাজার চিকিৎসকরাও অন্তর্ভুক্ত, যাদের মধ্যে ডা. হুসাম আবু সাফিয়া ও ডা. সারা আল-সাক্কা উল্লেখযোগ্য। সংঘাতের মধ্যেও জীবন ঝুঁকি নিয়ে চিকিৎসাসেবা দেওয়ায় তাদের মানবতা ও শান্তির প্রতীক হিসেবে উল্লেখ করেন নেমেক।
তিনি বলেন, এই মনোনয়ন আন্তর্জাতিক সম্প্রদায়কে সব পরিস্থিতিতে আন্তর্জাতিক আইন, মানবাধিকার ও মানব মর্যাদা রক্ষার আহ্বান জানাই ।























