নেত্রকোনায় আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ভিডিও ভাইরাল
- আপডেট সময় : ১০:২৫:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
নেত্রকোনায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকর্মীর একটি ঝটিকা মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) দিবাগত রাতে সদর উপজেলার কাইলাটি সড়কে এ মিছিল অনুষ্ঠিত হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন, যদিও এ বিষয়ে ভিন্নমত প্রকাশ করেছে পুলিশ।
ভাইরাল হওয়া প্রায় দুই মিনিট ২২ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, রাতের আঁধারে ২০ থেকে ২৫ জন যুবক হারিকেন ও মোবাইল ফোনের আলো জ্বালিয়ে মিছিল করছেন। অংশগ্রহণকারীদের অনেকেই মুখ ঢেকে রেখেছেন—কেউ মাস্ক, কেউ হেলমেট, আবার কেউ কাপড় দিয়ে মুখ আড়াল করেছেন।
মিছিল চলাকালে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘তেল-গ্যাস-বিদ্যুৎ নাই, তারেক জিয়ার দরকার নাই’ এবং ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত আনুমানিক ৮টার দিকে হঠাৎ কয়েকজন তরুণ কাইলাটি সড়কে জড়ো হয়ে স্বল্প সময়ের জন্য এই মিছিল করেন এবং পরে দ্রুত এলাকা ত্যাগ করেন। এতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলেও জানিয়েছেন স্থানীয়রা।
এ বিষয়ে নেত্রকোনা মডেল থানার ওসি আল মামুন সরকার বলেন, এমন কোনো মিছিলের তথ্য পুলিশের কাছে নেই। ভিডিওটি অন্য জায়গার পুরোনোও হতে পারে বলে তিনি ধারণা করেন। তবে বিষয়টি যাচাই করে দেখা হচ্ছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।



















