ঢাকায় অবৈধ ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে মতবিনিময় সভা
- আপডেট সময় : ০৬:২৬:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ ৮ বার পড়া হয়েছে
রাজধানীর যানজট ও জনভোগান্তি কমাতে অবৈধ ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। সভায় রিকশা মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
সভায় জানানো হয়, ২০২১ সালে ঢাকা দক্ষিণ সিটি এলাকায় প্রায় ২ লাখ ১২ হাজার প্যাডেলচালিত রিকশা ও ভ্যানকে লাইসেন্স দেওয়া হয়েছিল। তবে বর্তমানে লাইসেন্সবিহীন ব্যাটারিচালিত রিকশার সংখ্যা দ্রুত বৃদ্ধি পাওয়ায় যানজট ও নিরাপত্তা ঝুঁকি বাড়ছে।
রিকশা মালিক সংগঠনের নেতারা বলেন, অবৈধ ব্যাটারিচালিত রিকশার কারণে প্যাডেলচালিত রিকশা প্রায় বিলুপ্তির পথে। অনেক চালক এখন ব্যাটারি সংযুক্ত রিকশা ব্যবহার করছেন এবং তারা এসবকে নতুন নীতিমালায় বৈধ করার দাবি জানান।
সভায় ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম বলেন, রিকশা ঢাকার ঐতিহ্য হলেও অবৈধ ব্যাটারিচালিত রিকশা বর্তমানে জননিরাপত্তার জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তিনি জানান, সরকার নীতিমালা তৈরি করছে যাতে নির্দিষ্ট ডিজাইন, গতি ও সীমিত সংখ্যার ভিত্তিতে রিকশা চলাচল নিয়ন্ত্রণ করা যায়।
তিনি আরও বলেন, নগর শৃঙ্খলা ফেরাতে অবৈধ ব্যাটারিচালিত রিকশা ও ফুটপাত দখলমুক্ত করতে সরকার কাজ করছে। একই সঙ্গে বৈধ রিকশা মালিক ও চালকদের স্বার্থ ও জীবিকা বিবেচনায় নিয়েই নীতিমালা প্রণয়ন করা হবে।
সভায় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।



















