এমপি ফজলুর রহমানকে নিয়ে মন্তব্য: মুফতি আমির হামজাকে আইনি নোটিশ
- আপডেট সময় : ০৭:১৯:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ ৯ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানকে নিয়ে মানহানিকর বক্তব্য ও কটূক্তির অভিযোগে মুফতি আমির হামজাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জজ কোর্টের আইনজীবী নুরুল ইসলাম নোটিশটি প্রেরণ করেন। নোটিশে ১০ দিনের মধ্যে সন্তোষজনক জবাব দিতে বলা হয়েছে।
নোটিশটি জাতীয় ছাত্রশক্তি কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব মো. আই-ইয়াশ ইমনের পক্ষে পাঠানো হয় বলে জানা গেছে।
অভিযোগে বলা হয়, মুফতি আমির হামজা জনসম্মুখে ও সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাডভোকেট ফজলুর রহমান সম্পর্কে বিভিন্ন সময় মানহানিকর বক্তব্য দিয়েছেন। এসব বক্তব্যে তাকে ‘ফজু পাগলা’ বলে আখ্যায়িত করা, মানসিক হাসপাতালে পাঠানোর কথা বলা এবং কুকুর মারা ইনজেকশন দেওয়ার মতো মন্তব্য করার অভিযোগ রয়েছে।
নোটিশে আরও উল্লেখ করা হয়, এসব মন্তব্যের কারণে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান সামাজিক, মানসিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।
আইনজীবী নুরুল ইসলাম বলেন, নোটিশে স্পষ্টভাবে ১০ দিনের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছে, অন্যথায় পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
অন্যদিকে, বিষয়টি নিয়ে মুফতি আমির হামজার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।



















