গাজীপুরের টঙ্গীতে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২
- আপডেট সময় : ০৪:০৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ ৫ বার পড়া হয়েছে
গাজীপুরের টঙ্গী এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তলসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোর রাতে পাগার পাঠানপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তাররা হলেন জসিম (৪০) ও শরিফুল আলম আরিফ (৩২)। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. মহিউদ্দিন আহমেদ দুপুরে টঙ্গী পূর্ব থানা কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গ্রেপ্তারকৃতরা পূর্বের একটি সংঘর্ষ ও গোলাগুলির মামলার এজাহারভুক্ত আসামি।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৩ ফেব্রুয়ারি টঙ্গীর পাগাড় ঝিনু মার্কেট এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, গোলাগুলি, হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। এতে দুইজনকে কুপিয়ে জখম করা হয়। ওই মামলার আসামি হিসেবেই জসিম ও আরিফকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে পাঠানপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে অস্ত্র ও ম্যাগাজিন উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।










