কালুরঘাট সেতু দ্রুত নির্মাণ ও জিয়াউর রহমান নামকরণের দাবি
- আপডেট সময় : ০৬:৫৪:০১ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ ১১ বার পড়া হয়েছে
চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান জাতীয় সংসদে কালুরঘাট সেতুর দ্রুত নির্মাণ এবং এর নামকরণ নিয়ে দাবি তুলেছেন। তিনি বলেন, এই সেতুটি চট্টগ্রামবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা এবং দেশের স্বাধীনতার ইতিহাসের সঙ্গে গভীরভাবে জড়িত।
বুধবার (১৫ এপ্রিল) বিকেলের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। আবু সুফিয়ান বলেন, চট্টগ্রাম-৯ আসনটি চট্টগ্রাম সিটি করপোরেশনের ১৪টি ওয়ার্ড নিয়ে গঠিত এবং এটি দেশের অর্থনীতি, শিক্ষা ও প্রশাসনিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এলাকা। কর্ণফুলী নদীকেন্দ্রিক এই অঞ্চলকে তিনি দেশের অর্থনীতির “লাইফলাইন” হিসেবেও উল্লেখ করেন।
তিনি সংসদে বলেন, বহু বছর ধরে কালুরঘাট সেতুর দাবি থাকলেও এখনো তা বাস্তবায়িত হয়নি। স্বাধীনতার ঘোষণার ঐতিহাসিক স্থান কালুরঘাট বেতার কেন্দ্রের স্মৃতিকে ধরে রাখতে সেতুটির নাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে রাখার প্রস্তাবও দেন তিনি।
এ সময় তিনি রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, চট্টগ্রাম-৯ আসনের রাজনৈতিক গুরুত্ব অত্যন্ত বেশি এবং এখানে নির্বাচনের ফল অনেক সময় জাতীয় রাজনীতিতেও প্রভাব ফেলে। জনগণের প্রত্যাশা পূরণে কার্যকর উন্নয়ন উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
সংসদে দেওয়া বক্তব্যে তিনি চট্টগ্রামের অবকাঠামো উন্নয়ন, ঐতিহাসিক গুরুত্ব এবং স্থানীয় জনগণের দীর্ঘদিনের দাবি বাস্তবায়নের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেন।










