এস আলম গ্রুপ নিয়ে মন্তব্যে সরকারকে পুনর্বাসনের অভিযোগ শিবির সভাপতির
- আপডেট সময় : ০৭:৩৩:১৫ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ ১২ বার পড়া হয়েছে
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম অভিযোগ করেছেন, দেশের কয়েকটি ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা পাচারের সঙ্গে জড়িত এস আলম গ্রুপ-কে সরকার আবারও ব্যাংকগুলোর মালিকানায় পুনর্বাসনের চেষ্টা করছে।
সোমবার (১৩ এপ্রিল) ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
শিবির সভাপতি দাবি করেন, এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকসহ কয়েকটি ব্যাংক থেকে প্রায় ৯৫ হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে বা নিজেদের ব্যবসায় বিনিয়োগ করেছে। তার অভিযোগ, জনগণের ট্যাক্সের টাকা দিয়ে প্রায় ২৫ হাজার কোটি টাকা ব্যয়ে ব্যাংকগুলো সচল করার পর আবারও মালিকানার সুযোগ তৈরি করা হচ্ছে।
তিনি আরও বলেন, মালিকানার শর্ত শিথিল করে মাত্র ৭ শতাংশ শেয়ার থাকলেই পূর্বের মালিকানা ফিরে পাওয়ার সুযোগ তৈরি হচ্ছে, যা কার্যত পুরনো মালিকদের ব্যাংকগুলো ফিরিয়ে দেওয়ার শামিল।
সরকারের উচ্চপর্যায়ের প্রভাব প্রসঙ্গে তিনি কঠোর ভাষায় মন্তব্য করেন এবং দাবি করেন, সিদ্ধান্ত গ্রহণে একজন প্রভাবশালী ব্যক্তির ভূমিকা রয়েছে।
রাজনৈতিক সংস্কার প্রসঙ্গে তিনি সরকারকে দ্বিচারিতার অভিযোগ করেন এবং বলেন, নির্বাচনী অঙ্গীকার ও গণভোটের রায় বাস্তবায়নে গড়িমসি করা হচ্ছে।
দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, জিডিপি প্রবৃদ্ধি হ্রাস এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে রয়েছে।
অনলাইন শিক্ষা ব্যবস্থা নিয়েও সমালোচনা করে তিনি বলেন, গ্রামীণ শিক্ষার্থীদের বাস্তবতা বিবেচনা না করে অনলাইন ক্লাস চালু করা অযৌক্তিক সিদ্ধান্ত।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ভবিষ্যতে আন্দোলনের পথে যাবে, তবে তা গঠনতান্ত্রিকভাবে করা হবে বলে জানান।










