আলমডাঙ্গায় খাল খনন কর্মসূচি উদ্বোধন, দখলমুক্ত করার ঘোষণা পানিসম্পদ মন্ত্রীর
- আপডেট সময় : ০৭:৩১:১৬ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ১২ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা এলাকায় ইছেরদাড়ি খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। এ সময় তিনি বলেন, সারাদেশে খাল খনন কার্যক্রম শুরু হয়েছে এবং টেন্ডার প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে। এর ধারাবাহিকতায় দখল হয়ে যাওয়া খালের জায়গা উদ্ধার করবে সরকার।
তিনি বলেন, জিয়াউর রহমান এর হাত ধরেই দেশে খাল খনন কর্মসূচির সূচনা হয়। এরপর বিভিন্ন সরকারের সময় খাল খননের দাবি থাকলেও দীর্ঘদিন তা বাস্তবায়ন না হওয়ায় অনেক খাল পলি জমে ভরাট হয়ে গেছে এবং বিভিন্নভাবে দখল হয়ে গেছে।
মন্ত্রী আরও বলেন, খালের জমি জনগণের সম্পদ এবং জেলা প্রশাসকের অনুমতি ছাড়া কেউ কাগজে-কলমে সেই জমি নিতে পারে না। কিন্তু অতীতে এসব নিয়ম ভঙ্গ করে খাল দখল করা হয়েছে, যা পুনরুদ্ধারে সরকার কাজ করছে।
তিনি রাজনৈতিক প্রসঙ্গ টেনে বলেন, সংসদে সরকারি ও বিরোধী দলের মধ্যে মতবিনিময়ই গণতন্ত্রের সৌন্দর্য। তবে কেউ যদি অন্যায় ও দুর্নীতিকে প্রশ্রয় দেয়, তাহলে পরিস্থিতি অস্থির হয়ে উঠতে পারে। এজন্য মাঠপর্যায় থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
পানিসম্পদ মন্ত্রী দাবি করেন, বিএনপি সরকার কৃষকদের স্বার্থে কাজ করছে। প্রথম মন্ত্রিসভার বৈঠকেই কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ সুদসহ মওকুফ করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি। পাশাপাশি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, সবার জন্য স্বাস্থ্য ও শিক্ষার মতো কর্মসূচিও নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, উন্নয়ন শুধু শহরকেন্দ্রিক নয়, গ্রামাঞ্চলের মানুষও যেন সমানভাবে উন্নয়নের সুফল পায়—এটাই সরকারের লক্ষ্য। দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও তুলে ধরে তিনি বলেন, বিএনপি দুর্নীতির বিরুদ্ধে চ্যালেঞ্জ নিয়েছে এবং সর্বস্তরে স্বচ্ছতা নিশ্চিত করতে কাজ করছে।
শনিবার দুপুরে বেলগাছি ইউনিয়নের ইছেরদাড়ি খালে মাটি কেটে আনুষ্ঠানিকভাবে খনন কাজের উদ্বোধন করা হয়। পরে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক লুৎফুন নাহার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল, পুলিশ সুপার রুহুল কবীর খান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান, পানি উন্নয়ন বোর্ডের পশ্চিমাঞ্চল বিভাগের প্রধান প্রকৌশলী শাহজাহান সিরাজসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় নেতারা।










