চুয়াডাঙ্গায় তেলপাম্পে বিশৃঙ্খলা, ২ যুবকের জেল
- আপডেট সময় : ০৬:১৯:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ১৯ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গা-য় একটি তেলপাম্পে মারামারি ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে তিন যুবকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এদের মধ্যে দুইজনকে কারাদণ্ড এবং একজনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১০টার দিকে সদর উপজেলার ডিঙ্গেদাহ এলাকার একটি হাইওয়ে ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহাদ চৌধুরী।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, তেল সরবরাহের সময় ওই তিন যুবক পাম্পে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। এ ঘটনায় সদর উপজেলার মানিকডিহি গ্রামের আশরাফুল ইসলাম (২৫) ও মারুফ বিল্লাহ (২৪)-কে দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারায় পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এ ছাড়া পৌর এলাকার সাতগাড়ি গ্রামের নাঈম (২২)-কে একই ধারায় এক হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহাদ চৌধুরী বলেন, জেলায় প্রতিদিন ২২টি পাম্পে একযোগে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালিত হচ্ছে। এরই অংশ হিসেবে হাইওয়ে ফিলিং স্টেশনে তেল নেওয়া নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অভিযানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।










