বক্তব্য বিকৃতির অভিযোগে গণমাধ্যমে ক্ষোভ জামায়াত আমিরের
- আপডেট সময় : ১১:৫০:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ১৯ বার পড়া হয়েছে
নিজের বক্তব্যের ভুল ব্যাখ্যা ও উপস্থাপনার অভিযোগে গণমাধ্যমের একটি অংশের ওপর তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ অসন্তোষ প্রকাশ করেন।
ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশন শেষে এক প্রেস ব্রিফিংয়ে সমসাময়িক রাজনীতি নিয়ে কথা বলেন। সেখানে তিনি বলেন, শেখ হাসিনা যে নীতি অনুসরণ করে ফ্যাসিবাদ কায়েম করেছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি একই নীতি অনুসরণ করে, তাহলে কি তারা প্রমাণ করতে চায় যে ব্যক্তি হিসেবে শেখ হাসিনা খারাপ ছিলেন কিন্তু তার নীতি ভালো ছিল?
ডা. শফিকুর রহমানের দাবি, তার এই বক্তব্যের মূল সুর বা ‘সেন্স’ উদ্দেশ্যপ্রণোদিতভাবে পরিবর্তন করে কিছু গণমাধ্যম সংবাদ প্রকাশ করেছে। তিনি অভিযোগ করেন, কয়েকটি জাতীয় মিডিয়া বিএনপিকে বাদ দিয়ে উল্টো তাকেই লক্ষ্যবস্তু বানিয়েছে।
গণমাধ্যমের এমন ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, কিছু মিডিয়া তার বক্তব্যের অর্থ বিকৃত করে অসৎ উদ্দেশ্যে প্রচার করছে, যা ‘হলুদ সাংবাদিকতা’র শামিল।










