আশাশুনিতে বিএনপি কর্মীকে মারধর, হাত-পা ভাঙার অভিযোগ
- আপডেট সময় : ১১:৪৫:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ২০ বার পড়া হয়েছে
সাতক্ষীরার আশাশুনি উপজেলায় এলাকায় ফিরে বিএনপির এক কর্মীর হাত ও পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের বিরুদ্ধে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার শ্রীউলা ইউনিয়নের চৌধুরী মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
আহত মহসিন কবির (৩৫) শ্রীউলা গ্রামের মৃত সালাম সরদারের ছেলে। তিনি শ্রীউলা ইউনিয়ন শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মহসিন কবির অভিযোগ করেন, গত ৫ আগস্টের পর থেকে এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা পলাতক ছিলেন এবং ঈদের আগে তারা এলাকায় ফিরে আসেন। পূর্ব রাজনৈতিক বিরোধের জেরে রাশেদ, নাছিম, সাহেদ ও জাহাঙ্গীরসহ ১০-১২ জন অতর্কিত হামলা চালিয়ে তাকে লাঠিসোটা ও দেশীয় অস্ত্র দিয়ে মারধর করে গুরুতর জখম করে।
স্থানীয়দের দাবি, হামলাকারীরা এলাকায় আধিপত্য বিস্তারের চেষ্টা করছে এবং এর আগেও তারা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহমেদ খান বলেন, মারধরের ঘটনার কথা জানা গেছে এবং আহত মহসিনকে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি।










