বাজেটে ভ্যাট-শুল্কে ছাড়ের সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান
- আপডেট সময় : ০৩:২৩:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬ ২৯ বার পড়া হয়েছে
আগামী বাজেটে ভ্যাট ও আমদানি শুল্কে কোনো ধরনের ছাড় দেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। তিনি বলেন, সামনে বিভিন্ন খাতে কর অব্যাহতি সুবিধা ধাপে ধাপে তুলে দেওয়া হবে।
মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনের সম্মেলন কক্ষে ২০২৬–২০২৭ অর্থবছরের জাতীয় রাজস্ব বাজেট প্রণয়নের লক্ষ্যে পরিবহন খাতের সংগঠনগুলোর নেতাদের সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় তিনি এ কথা বলেন।
এনবিআর চেয়ারম্যান জানান, রাজস্ব আদায়ের লক্ষ্য পূরণে বড় ধরনের চাপ রয়েছে। গতবারের তুলনায় প্রায় ৫০ শতাংশ আয় বাড়ানোর নির্দেশনা রয়েছে এবং ৪ থেকে ৬ লাখ কোটি টাকা রাজস্ব সংগ্রহের প্রয়োজন। এ বিশাল লক্ষ্য অর্জনে কঠোর পদক্ষেপ নেওয়া ছাড়া বিকল্প নেই বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, পাবলিক ট্রান্সপোর্ট খাতে সর্বোচ্চ ছাড় দেওয়ার চেষ্টা করা হবে এবং টার্নওভার ট্যাক্স কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে কর ফাঁকি দেওয়ার কারণে বিভিন্ন খাতে সমস্যা সৃষ্টি হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
ভ্যাট রিফান্ড প্রসঙ্গে তিনি বলেন, কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে, তবে দেড় বছর ধরে রিফান্ড না দেওয়ার বিষয়টি অন্যায় হলেও সামগ্রিক কার্যক্রম পুরোপুরি অনলাইনে না আসা পর্যন্ত এ অবস্থা কিছুদিন চলবে বলে জানান তিনি।



















