সিলেট হয়ে ঢাকার পথে তারেক রহমান, বিমানবন্দরে পৌঁছাবেন দুপুরে
- আপডেট সময় : ১১:২৯:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫ ৬৯ বার পড়া হয়েছে
লন্ডন থেকে সিলেট এসে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৫ মিনিটে তাকে বহনকারী বিমানটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। ফ্লাইটটি দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
এর আগে বৃহস্পতিবার সকাল ৯টা ৫৫ মিনিটে বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিজি-২০২ ফ্লাইটটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। স্বল্প যাত্রাবিরতির পর বিমানটি ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে।
বিএনপি সূত্রে জানা গেছে, স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয় বিজি-২০২ ফ্লাইটটি। প্রায় ১৭ বছর পর দেশের মাটিতে ফেরার এই যাত্রায় তারেক রহমানের সঙ্গে রয়েছেন তার স্ত্রী ডা. জোবাইদা রহমান এবং মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।
জানা যায়, ফ্লাইট ছাড়ার নির্ধারিত সময়ের প্রায় চার ঘণ্টা আগে স্থানীয় সময় দুপুর ২টা ১৫ মিনিটে লন্ডনের বাসা থেকে বের হন তারেক রহমান। পরে বিকেল ৪টা ১৫ মিনিটে তিনি হিথ্রো বিমানবন্দরে পৌঁছান।
এ সফরে তারেক রহমানের সঙ্গে আরও রয়েছেন বিএনপির মিডিয়া টিমের প্রধান আবু আবদুল্লাহ সালেহ, ব্যক্তিগত সহকারী রহমান সানি এবং তাবাসসুম ফারহানা।
এদিকে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকায় আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানস্থলে সকাল থেকেই বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী জড়ো হতে শুরু করেছেন। দীর্ঘদিন পর দলের শীর্ষ নেতার দেশে ফেরাকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।



















